মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রি শাখা জানিয়েছে, সোমবার সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদালতপাড়া ছাড়াও ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
গত বছরের ২৪ জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা করা হয়।
এই মামলার তিন আসামি হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি ও রাজসাক্ষী
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তিন আসামির বিরুদ্ধেই ৫টি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে।
অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে তার আইনজীবীও খালাসের আবেদন করেন।