দেড় যুগের নির্বাসন শেষে দেশের পথে তারেক রহমান, প্রস্তুত ঐতিহাসিক সংবর্ধনা

Hemait Sujon
2 Min Read

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-১০২) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটি আজ দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন।

সেখান থেকে বুলেটপ্রুফ মার্সিডিজ জিপে করে তারেক রহমান যাবেন পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাছে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে। বিশেষভাবে নির্মিত মঞ্চে উঠে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ সরাসরি দেখানোর জন্য ৩০টি বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ৯ শতাধিক মাইক।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যেখানে সপরিবারে অবস্থান করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের পুরো মুহূর্ত দেশবাসী ও প্রবাসীরা যাতে দেখতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ফেসবুক পেজ, বিএনপি মিডিয়া সেল এবং ‘আওয়ার বিএনপি’—এই তিনটি ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে তারেক রহমানের নিরাপত্তায় সরকারের ব্যবস্থার পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম জানিয়েছেন, পূর্বাচলের সংবর্ধনা মঞ্চের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

TAGGED:
Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।