নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান

Hemait Sujon
2 Min Read

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অনুরোধ জানান তারেক রহমান।

বক্তব্যে তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে জড়িত। একদিকে ১৬ ডিসেম্বর—আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে আপনাদের সঙ্গে আমার দীর্ঘ সময়ের সম্পর্ক। প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে আমি আপনাদের সান্নিধ্যে ছিলাম। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি।”

এ সময় দেশে ফেরার দিনে লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের ভিড় বা হট্টগোল সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। তিনি স্পষ্টভাবে বলেন, কেউ যেন সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে না যান।

তারেক রহমান বলেন, “আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ—২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না।”

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এয়ারপোর্টে গেলে সেখানে হট্টগোল তৈরি হবে। মানুষ বুঝবে সবাই বাংলাদেশি। এতে দেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে, দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “যারা আমার আজকের এই অনুরোধ রাখবেন এবং এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল ও সর্বোপরি দেশের স্বার্থ এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আর নিষেধ সত্ত্বেও যারা সেখানে যাবেন, আমি মনে করতে বাধ্য হবো তারা ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন।”

TAGGED:
Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।