ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে তফসিলের জন্য জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দিবেন তা আজ বুধবার বিকেল সাড়ে চারটায় রেকর্ড করেছে।
এর আগে গত রোববার কমিশন সভায় তফসিল ঘোষণা ঠিক কবে হবে তা নির্ধারণ করেছে ইসি। ওই বৈঠকের পর তফসিলের সুনির্দিষ্ট তারিখ না জানালেও ইসির পক্ষ থেকে জানানো হয় এ সপ্তাহেই তফসিল ঘোষিত হবে। ওইদিনই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তফসিলের বিষয়ে অবহিত করেন।
রোববার কমিশন সভার পর সন্ধ্যায় নির্বাচনের সিডিউল এর বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে দেখা করেছেন এ এম এম নাসির উদ্দিনের কমিশন। নির্বাচনের তফসিল উপলক্ষে সাধারণত জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন প্রধান নির্বাচন কমিশনার। সে মোতাবেক আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আগেই চিঠিও দেওয়া হয়েছে। রেওয়াজ অনুযায়ী আজ ১০ ডিসেম্বর বুধবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সদস্যরা তফসিলের উপলক্ষে এই সাক্ষাৎ করেন। গতকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন এ এম এম নাসির উদ্দিন কমিশন।
এরআগে ভোটের প্রস্তুতি নিতে সরকার প্রধানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পর কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। কমিশন সে পথেই হাঁটছে। ১০ ডিসেম্বরের মধ্যে তফসিলের সব আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসি। সেই ধারাবাহিকতায় আগামীকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে ইসি।