যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন।
গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর থেকেই ফিফা সভাপতির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।
অনেকে বলছেন, ট্রাম্পকে এই ধরনের পুরস্কার দিয়ে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছেন ইনফান্তিনো। এ কারণে ফিফার নৈতিকতা কমিটিকে তার বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ করা হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ অভিযোগপত্রে উল্লেখ করেছে, ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার চারটি নিয়ম লঙ্ঘন করেছেন। সংস্থার নিয়ম অনুযায়ী, দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া ফিফার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন।
ফিফা সভাপতি সাধারণত সংস্থার লক্ষ্য, কৌশল, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে নির্ধারণের ক্ষমতা রাখেন না। তবে ইনফান্তিনো এই সীমারেখা অতিক্রম করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুরস্কার গ্রহণের সময় ট্রাম্প বলেন, পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছেন।
এ ঘটনায় ফিফার নৈতিকতা কমিটি এখন তদন্ত শুরু করেছে, এবং বিশ্ব ফুটবল মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।