ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা

admin_tls08
2 Min Read

বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ এর জন্য অভিনেতা রণবীর সিং বেশ প্রশংসিত হয়েছেন। তবে সে খুশির দিন না কাটতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে রণবীর সিং এর বিরুদ্ধে।


বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল।


কয়েক মাস আগে গোয়ার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। তখনই সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখাচ্ছিলেন তিনি। এমনকি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন অভিনেতা। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল।

অভিযোগে বলা হয়েছে হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর সিং এবং চামুণ্ডা দেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্নাটকের এ দেবীকে অপমান করেছেন।

এই প্রসঙ্গে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীরকে চামুণ্ডা দেবীর নকল করতে নিষেধ করছিলেন। তবে শোনেননি অভিনেতা।

এ ঘটনায় কটাক্ষের শিকার হন রণবীর সিং। পরে অভিনেতা ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ক্ষমা চেয়েও নিষ্পত্তি হয়নি। তবে এফআইআর নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেতা রণবীর সিং।


আমারবাঙলা/এসএ

Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।